কুষ্টিয়ায় শয়তানের নিঃশ্বাস ছিটিয়ে বৃদ্ধাকে অচেতন, ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট

কুষ্টিয়া শহরে বাড়িতে একা থাকা এক বৃদ্ধাকে শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত চেতনানাশক পদার্থ ছিটিয়ে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার প্রায় আড়াই মাস পর তথ্যপ্রযুক্তির সহায়তায় মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ৪৫ দশমিক ৭৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৮৫ হাজার টাকা।
রোববার (৮ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় পুলিশ।
পুলিশ জানায়, গত ১৬ আগস্ট কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় এ চুরির ঘটনা ঘটে। ওই দিন দুপুর ৩টা ১৩ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে মাত্র ১৭ মিনিটের ব্যবধানে চক্রটি বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়িতে একা থাকা বৃদ্ধার ওপর চেতনানাশক পদার্থ প্রয়োগ করে তাঁকে অচেতন করা হয়। পরে ঘরে থাকা নগদ ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে ওয়াসিফ বিল্লাহ কুষ্টিয়া সদর থানায় মামলা করেন। মামলায় নাঈম হোসেন, পারভীনা খাতুন, মো. ইদাদুল, মো. মনিরুল ইসলাম ও সাবিনা গণপতসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।
মামলাটির তদন্তের দায়িত্ব পান কুষ্টিয়া সদর থানার উপপরিদর্শক (নিরস্ত্র) বাদশাহ মিয়া। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে গত ৭ নভেম্বর বিকেল ৪টার দিকে মেহেরপুরের গাংনী থানার নওদা হোগলবাড়িয়া (শুকুরকান্দি) গ্রামে অভিযান চালানো হয়। সেখান থেকে মামলার এজাহারনামীয় আসামি নাঈম হোসেন, পারভীনা খাতুন ও ইদাদুলসহ তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তারিকুল ইসলাম ও মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির সূত্র ধরে একই দিন বিকেল ৫টার দিকে ইদাদুলের (৪৩) দেখানো মতে রেহা খাতুনকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চুরির ঘটনায় লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অলংকারের মধ্যে রয়েছে একটি স্বর্ণের গলার হার, এক জোড়া কানের দুল, এক জোড়া ঝুমকা, এক জোড়া কানের বালা, এক জোড়া কানের টানা, দুটি স্বর্ণের আংটি ও একটি গলার চেইন। এসব অলংকারের মোট ওজন ৪৫ দশমিক ৭৮ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৮৫ হাজার টাকা।
উদ্ধার করা স্বর্ণালংকার স্থানীয় একটি অনুমোদিত স্বর্ণ পরীক্ষার দোকানে পরীক্ষা করানো হলে সেগুলো স্বর্ণ বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়। পরে গত ৭ নভেম্বর বিকেল ৫টা ১৫ মিনিটে উপস্থিত সাক্ষীদের সামনে অলংকারগুলো জব্দ করে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত করে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত চেতনানাশক পদার্থ প্রয়োগ করে বৃদ্ধাকে অচেতন করার পর স্বর্ণালংকার লুট করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/ এনউব