ভোলার চরফ্যাশনে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২৬৫ জন

ভোলার চরফ্যাশন উপজেলার চর মানিকা এলাকায় কোস্ট গার্ডের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ২৬৫ জন অসহায় ও দুস্থ মানুষকে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোনের ব্যবস্থাপনায় চরফ্যাশন উপজেলার কোস্ট গার্ড আউটপোস্ট চর মানিকায় মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এতে ২৬৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় জনগণের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/এনএ