বরিশাল বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের ই-ব্যাংকিং বুথ স্থাপনের চুক্তি

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে ‘ইলেকট্রনিক ব্যাংকিং বুথ’ স্থাপনের উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি। এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ও পূবালী ব্যাংক পিএলসি কর্তৃপক্ষের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আবদুল আলিম বছির, প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মো. সাদেকুর রহমান, পরিবহন পুলের ম্যানেজার মো. উজ্জ্বল হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. হুমায়ুন কবির, পূবালী ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এদিকে সামাজিক উন্নয়ন ও করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা উন্নয়নে পূবালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে একটি বাস হস্তান্তরের প্রক্রিয়াও চলমান রয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইলেকট্রনিক ব্যাংকিং বুথ স্থাপনের ফলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ ও সুবিধাজনক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
ভোরের আকাশ/জেআ