দেশব্যাপী সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে চাঁবিপ্রবির প্রতিবাদ

দেশব্যাপী সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে র্যালি ও সমাবেশ করেছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. আতিকুর রহমানের নেতৃত্বে র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়। র্যালিটি চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপাচার্য প্রফেসর ড. এম. আতিকুর রহমান দেশব্যাপী সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতি দেশের শিক্ষাব্যবস্থা, অর্থনীতি ও সামগ্রিক অগ্রযাত্রাকে হুমকির মুখে ফেলে। শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একই সঙ্গে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ লোকমান হোসেন।
তিনি বলেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার সবসময় শান্তি, প্রগতি ও আইনের শাসনের পক্ষে। পরিকল্পিত নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাস কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে কাম্য নয়।
এসব কর্মকাণ্ডে মানুষের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং দেশের সম্পদ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ র্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন।
ভোরের আকাশ/রই