সাতকানিয়ায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন (৩০) পুলিশের জালে ধরা পড়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) গভীর রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের মাদারবাড়ি এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করে সাতকানিয়া থানা পুলিশ। তিনি স্থানীয় বাসিন্দা মো. সিরাজুল ইসলামের পুত্র।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় দায়েরকৃত একটি মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হতে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ছবি প্রকাশ করে নিজের রাজনৈতিক পরিচয় পরিবর্তনের চেষ্টার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
সাতকানিয়া থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, “আমরা তাকে মামলার ভিত্তিতে গ্রেফতার করেছি। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”
দেলোয়ার গ্রেফতারের খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ একে তার দীর্ঘদিনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে দেখছেন, আবার অনেকেই রাজনৈতিক সমীকরণের অংশ হিসেবে গ্রেফতার হয়েছে বলে মনে করছেন।
ভোরের আকাশ/মো.আ.