খুলনায় খুশি হত্যা মামলার অন্যতম আসামি রসূল গাজী গ্রেপ্তার

এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় সোমবার ২৩ নভেম্বর বিকেল ০৩:৩০ টার সময় এসআরবি-৬, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন জাবুসা ইউনিয়নস্থ চক্রাখালী বাজারে অভিযান পরিচালনা করে লবণচরা থানার চাঞ্চল্যকর খুশি হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত সন্দিগ্ধ আসামি মো. রসুল গাজী (২৬), পিতা: মো. আজাহার গাজী, সাং: বাগমারা হাজী বাড়ী, থানা: রূপসা, জেলা: খুলনাকে গ্রেফতার করে।
মামলার এজাহার বিশ্লেষণে জানা যায়, গত ইং-২২/১০/২০২৬ ইং ভিকটিম মোসাঃ খুশি আক্তার (২৪), তার স্বামী সুমন সরদারসহ লবণচরা থানাধীন জিন্নাহপাড়া মেইন রোডে পাকা রাস্তার ওপর পৌঁছালে ধৃত আসামি মো. রসুল গাজীসহ (২৬) মামলার অন্যান্য আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে মোটর সাইকেলযোগে ঘটনাস্থলে এসে ভিকটিমের স্বামী সুমন সরদারকে গালিগালাজ করতে থাকে।
উক্ত ঘটনায় ভিকটিম খুশি আক্তার বাঁধা প্রদান করলে আসামিরা ভিকটিমকে এলোপাতাড়ি গুলি করে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। ভিকটিমের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ভিকটিমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন।
উক্ত ঘটনায় ভিকটিমের বোন হাসি খাতুন বাদী হয়ে খুলনা জেলার লবণচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/রই