রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩২ বছর ধরে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসা ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি সরকারি করার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের বিদ্যালয়সংলগ্ন মিয়াবাড়ি-হাটাবো সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
মানববন্ধনের আগে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান। বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক শাহিনুর বেগম, রুবিয়া আক্তার, সোনিয়া আক্তার, শিক্ষার্থী আঞ্জুমান আরা ও অভিভাবক ফাতেমা বেগমসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে প্রায় ২৫০ শিক্ষার্থী পড়াশোনা করছে। বিদ্যালয়টি সরকারি না হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষক-শিক্ষিকারা দীর্ঘদিন ধরে বিনা বেতনে পাঠদান করে আসছেন বলেও জানান তারা।
বক্তারা বলেন, বিদ্যালয়টি সরকারি করা হলে নিম্নআয়ের ও হতদরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ আরও নিশ্চিত হবে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীরাও সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় আসবেন। তাই বিদ্যালয়টি দ্রুত সরকারি করার দাবি জানান তারা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, শিক্ষার্থীদের জন্য কিছুদিন আগে বিদ্যালয়ে একটি পাকা শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়েছে। হতদরিদ্র ও অসহায় পরিবারের সন্তানদের পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে বিদ্যালয়টি দ্রুত সরকারি করার উদ্যোগ নেওয়া হবে।
ভোরের আকাশ/সু.পা