ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে ড্যাবের র্যালি ও লিফলেট বিতরণ

টাঙ্গাইলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা তৈরি করতে র্যালি ও লিফলেট বিতরণ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), টাঙ্গাইল জেলা শাখা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে র্যালিটি বের করা হয়। পরে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জনসচেতনা মূলক বক্তব্য রাখেন, ড্যাব টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডা.আব্দুল মতিন, সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা.আবু হানিফ, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস-প্রিন্সিপাল ডা.রফিকুল আলম তালুকদার প্রমুখ।
এ সময় চিকিৎসকরা জানান, ডেঙ্গু ও চিকুনগুনিয়া এডিস মশাবাহিত রোগ। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে সচেতনতা বাড়ানো জরুরি।
চিকিৎসকরা আরো জানান, জ্বর বেশি হলে কোনোভাবেই অবহেলা করা যাবে না। দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি বেশি করে তরল খাবার গ্রহণ করতে হবে।
এ ছাড়া বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যাতে দীর্ঘদিন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান চিকিৎসকরা । সেইসঙ্গে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে শুধু সরকারের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান ড্যাব নেতৃবৃন্দ।
এর আগে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করেন চিকিৎসকরা। এ সময় টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্স ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা