মতলব উত্তরে ওয়ান শুটার গানসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযানে একটি ওয়ান শুটার গানসহ ফরহাদ হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ওয়েস্টার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে চর ওয়েস্টার এলাকার ছৈয়াল বাড়ির বাসিন্দা ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আব্দুল কুদ্দুস ছৈয়ালের ছেলে। এ সময় তার হেফাজত থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করে জব্দ করে পুলিশ।
মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা অস্ত্রের বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখছে পুলিশ।
ভোরের আকাশ/জেআ