গাজীপুরে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর জেলা বিএনপি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজবাড়ী রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল প্রধান অতিথির বক্তব্যে সন্ত্রাস ও নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের আহবান জানান।
গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হকে মিলনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শাহ রিয়াজুল হান্নান, জেলা বিএনপি নেতা আজিজুর রহমান পেরা, আব্দুল মোতালিব, হুমায়ুন কবির মাস্টার, আবু তাহের মুসল্লি, আক্তারুল আলম মাস্টার, সাখাওয়াত হোসেন সেলিম, সাখাওয়াত হোসেন সবুজ, আনোয়ার হোসেন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান মুন্না, গাজীপুর জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লা প্রমুখ।
সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন।
ভোরের আকাশ/আ.র