ডাঙ্গারচরে অননুমোদিত কারখানায় ভেজাল লুব অয়েল ও তৈরির কাঁচামাল জব্দ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর এলাকায় একটি অননুমোদিত কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, উৎপাদনের কাঁচামাল এবং ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে কোস্ট গার্ড ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় একটি কারখানায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত ও নিম্নমানের তেল সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করে বাজারজাত করার উদ্দেশ্যে ভেজাল লুব অয়েল তৈরি করা হচ্ছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সমন্বয়ে ওই কারখানায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কারখানার বিভিন্ন কক্ষ ও সংরক্ষণাগারে তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ প্রস্তুত করা ভেজাল লুব অয়েল, বিভিন্ন ধরনের কাঁচামাল, রাসায়নিক উপাদান এবং তেল উৎপাদনে ব্যবহৃত মেশিন ও সরঞ্জাম পাওয়া যায়।
কর্তৃপক্ষ জানায়, এসব ভেজাল পণ্য বাজারে ছড়িয়ে পড়লে যানবাহনের ইঞ্জিনের ক্ষতি হওয়ার পাশাপাশি ভোক্তাদের আর্থিক ক্ষতির আশঙ্কা ছিল। বিশেষ করে নিম্নমানের লুব অয়েল ব্যবহারে যানবাহনের কার্যক্ষমতা কমে যেতে পারে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়তে পারে।
পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী কারখানার মালিকপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেন। ভেজাল লুব অয়েল উৎপাদন ও মজুতের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাটি ১৫ দিনের জন্য সিলগালা করে দেওয়া হয়েছে।
জব্দ করা ভেজাল লুব অয়েল, কাঁচামাল ও উৎপাদন সরঞ্জামের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় অবৈধ উৎপাদন, মজুত ও বাজারজাতকরণের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/এনউব