বদরগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা : জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩

রংপুরের বদরগঞ্জে মুরগির খামারে চোর সন্দেহে আটক করে গাছে ঝুলিয়ে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়ে মকবুল হোসেন (৩৫) নামে ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পর খামারের তিন কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।
নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, এ ঘটনায় খামারের ম্যানেজার জিএমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়িত। তবে অভিযোগের বিষয়ে খামার কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
রোববার (২২ নভেম্বর) উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের দলুয়া এলাকার একটি পোল্ট্রি মুরগির খামারে এ ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের পলিপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, খামারটিতে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। এ কারণে খামারের প্রধান ফটক সার্বক্ষণিক বন্ধ রাখা হয়। শনিবার রাতে চোর সন্দেহে মকবুল হোসেনকে আটক করেন খামারের লোকজন। পরে তাঁকে গাছে ঝুলিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মারধরের একপর্যায়ে মকবুলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। পরে তাঁকে খামারের বাহিরে ফেলে দেয় খামার কতৃপক্ষ। পরে স্থানীয় লোকজন ও খামারের কর্মচারীর সহায়তায় উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এদিকে, রোববার সকালে খামার কর্তৃপক্ষ বদরগঞ্জ থানায় ফোন করে চোর আটকের বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খামার কর্তৃপক্ষের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খামারের ৩ কর্মচারীকে থানায় আনা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, কী কারণে ওই যুবককে মারধর করা হয়েছে এবং নির্যাতনের প্রকৃত পরিস্থিতি কী ছিল এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নূরে আফতাব সিদ্দিকী বলেন, পুলিশ আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসে। তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চোর সন্দেহে কাউকে আটক করে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং নির্যাতনের মাধ্যমে মৃত্যুর ঘটনা এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ভোরের আকাশ/সু.পা