দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে দিনাজপুর সেক্টর কমান্ডার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর ও জয়পুরহাট জেলার ২১১টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৩১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে স্থাপন করা হয়েছে ২২টি বেইজ ক্যাম্প। পূজামণ্ডপগুলোতে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।
শনিবার (১৭ অক্টোবর) দিনাজপুর সেক্টরের আওতাধীন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এলাকার রামসাগর পূজামণ্ডপ ও সুন্দরা বারোয়ারী পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব তথ্য জানান দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
বিজিবি জানায়, দিনাজপুর ও জয়পুরহাট জেলার ২১১টি পূজামণ্ডপের মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে রয়েছে ১৭০টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে রয়েছে ৪১টি পূজামণ্ডপ। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ২২টি বেইজ ক্যাম্পের মাধ্যমে ৩১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উল্লেখ করে সেক্টর কমান্ডার বলেন, এ উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্যের প্রতিফলন। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
তিনি জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক নজরদারি রাখা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতেও প্রস্তুত রয়েছে বিজিবি।
পরিদর্শনকালে ২৯ বিজিবির অধিনায়ক মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ