নীলফামারীর ইটাখোলায় জামায়াতের কর্মী সমাবেশ

নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইটাখোলা ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর ) বাদ মাগরিব ‘মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জন করা’ শীর্ষক প্রতিপাদ্যে ইটাখোলা ইউনিয়ন জামায়াতের আমির নুর ইসলামের সভাপতিত্বে এ সমাবেশ পরিচালিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, সদর উপজেলা আমির আবু হানিফা শাহ, সেক্রেটারী হামিদুল ইসলাম, সহকারী সেক্রেটারী আহমাদ রায়হান, শহর জামায়াতের আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম এবং নায়েবে আমির মোহাম্মদ মুছা প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ বলেন, জামায়াতে ইসলামী সব সময় জনগণের সেবা ও সুশাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী। এই এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের সুখ-দুঃখে পাশে থাকার জন্য আমরা একজন যোগ্য, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করতে যাচ্ছি, যিনি বিজয়ী হয়ে সবসময় জনগণের কল্যাণে আত্মনিয়োগ করবেন।
তিনি আরও বলেন, ইটাখোলা ইউনিয়নের উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, বিএনপির স্লোগান ছিল ‘সবার আগে দেশ’। কিন্তু তাদের কর্মকাণ্ডে এখন আমরা দেখছি সবার আগে দেশ নয়, সবার আগে বিএনপি।
তিনি আরও বলেন, নতুন সরকার গঠনের পর বাংলাদেশের জনগণ অনেক আশা-আকাঙ্ক্ষা করেছিল। মানুষ মনে করেছিল বৈষম্য দূর হবে, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। কিন্তু দুঃখের বিষয় তা হয়নি।
প্রার্থী দলীয় মনোনয়নের বিষয়ে তিনি বলেন, এই এলাকার সৎ, যোগ্য ও স্বচ্ছ মানুষকে দল থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করা হলো। আমরা রাজনৈতিক নিয়ম ও সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করি, অথচ অন্যান্য দলের ব্যক্তিরা নিয়মকানুনের তোয়াক্কা না করে নিজেরাই নিজেদেরকে প্রার্থী হিসেবে ঘোষণা করে থাকেন।
কর্মী সমাবেশ শেষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে গোলাম রব্বানী সরকারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ সময় মনোনীত প্রার্থী গোলাম রব্বানী সরকার এলাকার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন এবং ইউনিয়নের মানুষের সেবা ও কল্যাণে সর্বদা আত্মনিয়োগ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ভোরের আকাশ/সু.পা