ঝিনাইদহে পিকআপের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তীর্থ বিশ্বাস (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক পিকআপভ্যানটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ভাটই বাজারসংলগ্ন ভাটই সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তীর্থ বিশ্বাস ভাটই গ্রামের তপন বিশ্বাসের ছেলে এবং ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের উদ্দেশে রওনা হন তীর্থ। ভাটই বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী জানান, দুর্ঘটনায় জড়িত পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/জেআ