দুর্গাপূজায় গুজব ও উসকানির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানালেন: এসপি মাসুদ

আসন্ন শারদীয় দুর্গাপূজা যাতে নির্বিঘ্ন, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য গুজব, অপপ্রচার এবং উসকানিমূলক প্রচারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।
রোববার (৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে জেলার ১৭টি থানার পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় পুলিশ সুপার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্যের সত্যতা যাচাই না করে তা প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। কোনো ধরনের গুজব, বিভ্রান্তিকর বার্তা কিংবা সন্দেহজনক তথ্য চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।
তিনি আরও বলেন, গুজব ছড়িয়ে বা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কেউ পূজার পরিবেশ নষ্ট কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের সম্পর্কে পুলিশকে তথ্য দিতে হবে। সবার সম্মিলিত সহযোগিতায় পূজার সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।
পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ নির্দেশনা
মতবিনিময় সভায় পূজামণ্ডপ ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে দর্শনার্থী ও ভক্তদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তায় বাড়তি নজর দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন এবং সেগুলো সার্বক্ষণিক সচল রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং জরুরি পরিস্থিতির জন্য বিকল্প বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ এবং অগ্নিনিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে।
নারী ভক্তদের কোনো সমস্যা হলে দ্রুত তা শনাক্ত করে সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি শিশুদের জন্য বিশেষ সহায়তা ব্যবস্থা রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার তাগিদ
সভায় চট্টগ্রামে ধর্মীয় সম্প্রীতি অটুট রাখতে বিভিন্ন ধর্মের প্রতিনিধি, স্থানীয় ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে সম্প্রীতি কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া পূজামণ্ডপে মাইক ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা কঠোরভাবে অনুসরণ করার কথা বলা হয়েছে। মসজিদে আজান ও নামাজের সময় মাইক ব্যবহারে বিশেষ সংবেদনশীলতা ও সতর্কতা অবলম্বনের জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ইউএম