দেবিদ্বারে মহিলা কলেজে নবীনবরণ ও নজরুল জয়ন্তী উদ্যাপন

কুমিল্লার দেবিদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে নবীনবরণ, কৃতী শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ ও নজরুল জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা পর্যায়ে কৃতী শিল্পীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী রেজওয়ানুল হক মুনশীর সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন প্রভাষক ইসমাইল হোসেন ও জ্যোতি রানী সূত্রধর। এতে প্রধান অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু তাহের সরকার, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো. আনোয়ার হোসেন ভুলু পাঠান, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, সাবেক চেয়ারম্যান সাহাজ উদ্দিন সাজু ও শামীম আহমেদ শামীম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম ভূঁইয়া। আলোচনায় অংশ নেন সহযোগী অধ্যাপক রহিম বক্স চিশতী। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন জান্নাতুল নাঈমা, মারিয়া আক্তার, আয়শা সিদ্দিকা, ইশরাত জাহান উর্মিলা ও নুশরাত জাহান ঋতুসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অশোক বিক্রম চাকমা বলেন, “এ বিদ্যাপীঠ কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনের জায়গা নয়, এটি তোমাদের স্বপ্ন ছোঁয়ার, আত্মপ্রত্যয়ী নারী হিসেবে নিজেকে গড়ে তোলার একটি স্বপ্নের আঙিনা। এখান থেকেই শিক্ষা ও জ্ঞানার্জনের মাধ্যমে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে।”
তিনি আরও বলেন, মাদার তেরেসা ও বেগম রোকেয়ার মতো মহীয়সী নারীরা তাঁদের অনুপ্রেরণা ও কর্মের মাধ্যমে নারী জাগরণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের আদর্শ অনুসরণ করে শিক্ষার্থীরাও নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে পরিবার, সমাজ ও জাতিকে নতুন পথ দেখাতে পারবে।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মধ্যে বই ও জেলা পর্যায়ের কৃতী শিল্পীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভোরের আকাশ/জেআ