দুই যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের স্থানীয়দের মাঝে অসন্তোষ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট এলাকায় মা ইলিশ সংরক্ষণে সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে স্থানীয় দুই যুবদল নেতার বিরুদ্ধে প্রোপাগান্ডা ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে।
চরকালকিনি ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ুন কবির খান এবং যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক জয় জানান, একটি স্থানীয় স্বার্থান্বেষী মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করিয়েছে। মূলত তারা কেউই অবৈধভাবে মাছ ধরা বা মাছের কারবারের সাথে সম্পৃক্ত নন।
সরকার ঘোষিত ৮ই অক্টোবর থেকে ২৯শে অক্টোবর পর্যন্ত ইলিশ প্রজনন সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। তবে অতি সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয়, যুবদল নেতা হুমায়ুন কবির ও ওমর ফারুক জয়ের নেতৃত্বে নদীতে নৌকা নামিয়ে ইলিশ শিকার করা হচ্ছে।
অনুসন্ধানে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উক্ত খবরের সত্যতা নেই। রাজনৈতিক পদ-পদবি ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ মহলটি সাংবাদিকদের অসত্য তথ্য সরবরাহ করে তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
চরকালকিনি ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ুন কবির খান বলেন, আমরা সর্বদা আইন ও সরকারী নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল। সরকারের ইলিশ রক্ষা অভিযানকে আমরা পূর্ণ সমর্থন জানাই। আমাদের বিরুদ্ধে ইলিশ নিধনের যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল রাজনৈতিকভাবে সুবিধা হাসিল করতে ও আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে স্থানীয় সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করেছে। আমরা এই মনগড়া ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।
একইভাবে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক জয় বলেন, আমরা কোন প্রকার অবৈধ মৎস্য শিকার বা এ সংক্রান্ত কারবারের সাথে দূরতমভাবেও জড়িত নই। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় প্রশাসনকে সহায়তা করা আমাদের নাগরিক দায়িত্ব। অথচ রাজনৈতিক প্রতিহিংসার শিকার বানিয়ে আমাদের জড়ানো হচ্ছে। এ বিষয়ে সঠিক সত্য উদঘাটন করে সত্য তুলে ধরার জন্য আমরা গণমাধ্যমকর্মী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
স্থানীয় সুশীল সমাজ ও সচেতন মহল মনে করেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় যে কোনো প্রকার অপপ্রচারের ঊর্ধ্বে উঠে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা এবং স্থানীয় রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে প্রশাসনের সঠিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ভোরের আকাশ/সু.পা