চট্টগ্রাম ওয়াসার উন্নয়নে নতুন এমডির অঙ্গীকার

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী সেলিম মো. জানে আলম।
সোমবার (১ লা জুন) সকালে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি সংস্থাটির নতুন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক এবং স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ উপলক্ষে চট্টগ্রাম ওয়াসার নবনির্মিত প্রশাসনিক ভবনের তৃতীয় তলার বোর্ডরুমে এক মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওয়াসার সচিব শাহেদা ফাতেমা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিদায়ী এমডি মনোয়ারা বেগমের কর্মদক্ষতা ও অবদানের প্রশংসা করা হয়। পাশাপাশি নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলমকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান কর্মকর্তারা।
অনুষ্ঠানে সংস্থার বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, প্রধান প্রকৌশলী, বাণিজ্যিক ব্যবস্থাপক, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, দেশের সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম ওয়াসার দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের কাছে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ এবং আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
তিনি দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকার এবং নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নতুন এমডি বলেন, চট্টগ্রাম ওয়াসাকে আরও দক্ষ, আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করাই তাঁর অগ্রাধিকার। প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি অনিয়ম দূর করে সেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, গ্রাহকদের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সবার সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে ওয়াসার প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও শক্তিশালী করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভোরের আকাশ/ র.ই