সিরাজগঞ্জে গোয়ালঘরের তালা ভেঙে ৭টি গরু চুরি

সিরাজগঞ্জের কামারখন্দে একটি গ্রামে একই রাতে দুটি বাড়ির গোয়ালঘরের তালা ভেঙে সাতটি গরু চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোররাতে উপজেলার জামতৈল ইউনিয়নের হালুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে গ্রামের গরু ব্যবসায়ী মো. নাসির মণ্ডল (৫০)–এর টিনের গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি ষাঁড় গরু চুরি করে নিয়ে যায় চোর।
গরুগুলোর মধ্যে দুটি লাল, দুটি ছাই রঙের এবং একটি সাদা ষাঁড় ছিল। এসব গরুর আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। এর কিছুক্ষণ পর, রাত তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও বর্তমানে কৃষিজীবী মো. বজলুর রহমান (৫৯)–এর গোয়ালঘরের তালা ভেঙে একটি কালো গাভী ও একটি সাদা এঁড়ে বাছুর চুরি করে নিয়ে যায়। বজলুর রহমান বলেন, গরু একটি নীল রঙের পিকআপে তোলার সময় তাঁর ঘুম ভেঙে যায়। তিনি চিৎকার করলে ৩–৪ জনের একটি দল দ্রুত পিকআপ নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় একই গ্রামের দুটি বাড়ি থেকে মোট সাতটি গরু চুরি হয়েছে।
গরু ব্যবসায়ী নাসির মণ্ডল বলেন, রাতে গরুগুলো গোয়ালঘরে রেখে ঘুমিয়ে পড়েছিলেন। সকালে উঠে দেখেন, গোয়ালঘরের তালা ভাঙা এবং ভেতরে কোনো গরু নেই। এবিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, রাত থেকেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। ওই এলাকায় এখনও পুলিশ কাজ করছে। চোরদের শনাক্ত ও গরুগুলো উদ্ধারে কাজ চলছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি।
ভোরের আকাশ/সু.পা