হাসনাতের বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাতে বিক্ষোভ : এনসিপি বয়কটের ঘোষণা

জাতীয় সংসদে গান-বাজনা ও নৌকাবাইচ নিয়ে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ'র দেওয়া বক্তব্যের প্রতিবাদে তাকে এবং তার দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বয়কটের ঘোষণা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা।
শুক্রবার (২৮ আগস্ট) দিনগত মধ্যরাতে শহরে আকস্মিক এ কর্মসূচি পালন করে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে শহরের কান্দিপাড়ায় জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে জড়ো হন বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা; সেখানে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় ‘বয়কট হাসনাত আবদুল্লাহ’, ‘বয়কট, বয়কট, এনসিপি বয়কট’সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। ‘শাহবাগীর ঠিকানা, এই বাংলায় হবে না’ স্লোগানও দিতে শোনা যায়।
বিক্ষোভকারীরা দাবি করেন, জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ার গান-বাজনা ও নৌকাবাইচ নিয়ে হাসনাত আবদুল্লাহর দেওয়া বক্তব্য স্থানীয় সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। তার বক্তব্য প্রত্যাহার করে রাতের ভিতর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা।
ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্যের নেতারা বলেন, দাবি মেনে না নিলে এনসিপির কর্মসূচি বর্জন ও প্রতিহতের কর্মসূচি অব্যাহত রাখা হবে।
এদিকে, শনিবার (২৯ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা হওয়ার কথা রয়েছে। এতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সারজিস আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, গতকাল রাতে কওমী ছাত্রঐক্য পরিষদের পক্ষ থেকে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, তা গ্রহণ না করায় শনিবার (২৯ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া কওমী ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয় যে, "গতকাল প্রদত্ত কর্মসূচির ধারাবাহিকতায় শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় শিল্পকলা একাডেমিতে (যেখানে এনসিপির রাজনৈতিক কর্মশালা হবার কথা) হামদ-নাত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে; সকলকে যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানানো হয়।
ভোরের আকাশ/ইউএম