মান্দায় পৃথক অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

নওগাঁর মান্দায় পৃথক অভিযোগে আতাউর রহমান (৫০) ও তার ছেলে আরিফ হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাঁজরভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে মান্দা থানা পুলিশ।
পুলিশের দাবি, আতাউর রহমান কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও অর্থের যোগানদাতা হিসেবে এবং তার ছেলে আরিফ হোসেন একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ‘ব্ল্যাক হোল’ নামের কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য হিসেবে শনাক্ত হয়েছেন।
গ্রেপ্তার আতাউর রহমান উপজেলার পাঁজরভাঙ্গা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা এবং দলটির তথ্য ও অর্থের যোগানদাতা হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এছাড়া মাদকদ্রব্য ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এর আগে তিনি একাধিকবার কারাভোগ করেছেন বলেও পুলিশ জানিয়েছে।
অন্যদিকে, আরিফ হোসেনকে মান্দা থানার একটি মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ‘ব্ল্যাক হোল’ নামের কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে বলে পুলিশের দাবি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, আতাউর রহমান মাদকদ্রব্য ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এর আগে একাধিকবার কারাভোগ করেছেন। তিনি এলাকায় দুষ্কৃতকারী হিসেবে পরিচিত বলেও দাবি করেন ওসি।
তিনি আরও বলেন, মান্দার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি অভিভাবক ও সচেতন নাগরিকদের সহযোগিতা প্রয়োজন।
তবে গ্রেপ্তারদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ভোরের আকাশ/ ইউএম