দেবীনগরের সার না পেয়ে চরম ভোগান্তিতে কৃষক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরে সোমবার সকালে সার না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষকরা। নদী পারাপার হয়ে দিনের পর দিন ঘুরেও সার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
তবে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শুনাইন বিন জামান জানিয়েছেন, অক্টোবর মাসের বরাদ্দকৃত সার চলায় বিতরণ কার্যক্রম সুশৃঙ্খল করতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সদরের ৮নং দেবীনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রায় তিন থেকে চারশত কৃষক গত ১০-১৫ দিন ধরে সারের আশায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছেন। মেসার্স একতা এন্টারপ্রাইজ নামক বিসিআইসি অনুমোদিত ডিলার পয়েন্টে সার সংগ্রহ করতে প্রতিদিন নদী পারাপার ও যাতায়াত বাবদ অতিরিক্ত খরচ করতে হচ্ছে সাধারণ কৃষকদের। কৃষকদের অভিযোগ, সময়মতো পর্যাপ্ত সার না পাওয়ায় চাষাবাদ ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শুনাইন বিন জামান বলেন, সেপ্টেম্বর মাসের বরাদ্দ শেষ হওয়ার পর অক্টোবর মাসের নতুন বরাদ্দ গতকাল ও আজকে সম্পূর্ণ এসে পৌঁছেছে। অনেক কৃষক একসাথে জড়ো হওয়ায় কে আগে সার নেবে তা নিয়ে কিছুটা হট্টগোল হয়। কোনো মারামারি বা কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেনি, এসব তথ্য সঠিক নয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সুশৃঙ্খলভাবে বিতরণ সম্পন্ন করতে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুপুর দুইটা থেকে পুনরায় নিয়মিত বিতরণ চলছে। তবে দুর্ভোগ কমাতে স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত ও দ্রুত সার সরবরাহের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।
ভোরের আকাশ/আ.র