খাগড়াছড়িতে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর বিএনপি। এ সময় নেতাকর্মীরা সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা সদরের মহিলা কলেজ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার হয়ে ভাঙ্গাব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আহসান উল্লাহ সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা বলেন, সারাদেশে অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
তাঁরা আরও বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে জনজীবন বিপর্যস্ত করার চেষ্টা করা হলে তা বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে রাজপথে কঠোর আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা।
ভোরের আকাশ/ এনউব