পার্বত্য অঞ্চলে সমঅধিকার নিশ্চিতে সংবাদ সম্মেলন

তিন পার্বত্য জেলার বাঙালি জনগোষ্ঠীর জন্য আয়কর মওকুফ এবং বাজারফান্ড এলাকায় বন্ধ হয়ে যাওয়া ব্যাংক ঋণ কার্যক্রম পুনরায় চালুর দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবদুল মজিদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার বাঙালি জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে শিক্ষা, চাকরি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক ও সামাজিক নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এতে তাদের জীবনমানের উন্নয়ন ও অর্থনৈতিক সক্ষমতা অর্জনের সুযোগ সীমিত হয়ে পড়েছে।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলের বাঙালি জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে আনতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে দুটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো—পার্বত্য অঞ্চলে বসবাসরত বাঙালিদের জন্য আয়কর মওকুফ এবং বাজারফান্ড এলাকায় পূর্বে চালু থাকা ব্যাংক ঋণ কার্যক্রম পুনরায় চালু করা।
সংগঠনের নেতাদের দাবি, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের বাঙালি জনগোষ্ঠীর অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন এবং সামগ্রিকভাবে অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ