নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুনে অসুস্থ শিক্ষার্থীদের পাশে ড্যাব নেতারা

নারায়ণগঞ্জের সাইনবোর্ডের শান্তিধারা এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুনের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) ড্যাবের একটি প্রতিনিধিদল হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
প্রতিনিধিদলে ছিলেন ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এবং বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ও ড্যাবের সহসভাপতি ডা. পারভেজ রেজা কাকন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. সামিউল হাসান বাবু, যুগ্ম মহাসচিব ডা. মো. মনোয়ার সাদাত, দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল, আইনবিষয়ক সম্পাদক ডা. এম. আর. হাসান, সহসাংগঠনিক সম্পাদক ডা. আমিরুল ইসলাম পাভেল এবং সহমানবাধিকার সম্পাদক ডা. আসলামুল রুদ্র।
এ ছাড়া জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান, সহকারী পরিচালক ও সহকারী অধ্যাপক ডা. অভিজিত সরকার, সহকারী পরিচালক ডা. শফিকুল আলম সুমন, আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদারসহ ড্যাবের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
হাসপাতাল পরিদর্শনকালে ড্যাব সভাপতি ও মহাসচিব প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসুস্থ শিক্ষার্থীদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে আসা ৮৮ শিক্ষার্থীর মধ্যে ৩৫ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
ড্যাব নেতারা অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি চিকিৎসাসেবায় সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
ভোরের আকাশ/জেআ