অস্ত্র ও নগদ টাকাসহ কলাতলীর কামরুল গ্রেফতার

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অস্ত্র ও নগদ টাকাসহ কামরুল হাসান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
পুলিশের দাবি, গ্রেফতারকৃত কামরুল একজন চিহ্নিত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে একাধিক হত্যা ও অস্ত্র মামলা রয়েছে।
জেলা পুলিশের মিডিয়া ফোকাল অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহভাজন অবস্থায় কামরুল হাসানকে আটক করা হয়। পরে তার শরীর ও অবস্থান তল্লাশি করে পুলিশ একটি দেশীয় তৈরি এলজি (একনলা বন্দুক) এবং নগদ ১ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করে।
গ্রেফতারকৃত কামরুল হাসান কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের দক্ষিণ কলাতলীর হাসান আলী মেম্বারের পুত্র। পুলিশের ভাষ্যমতে, কামরুল দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে পূর্বে একাধিক হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির মামলা দায়ের রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, আইনের চোখে কেউ অপরাধী হলে তার অবস্থান যেখানেই হোক, পুলিশ তাকে আইনের আওতায় আনবে। কামরুল হাসান একজন চিহ্নিত আসামি, তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও টাকাসহ মামলার তদন্ত চলছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সদর মডেল থানায় অস্ত্র আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তার পূর্বের মামলাগুলোর তদন্তও পুনরায় খতিয়ে দেখা হবে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, কামরুল এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি করতেন। তার গ্রেফতারে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।
ভোরের আকাশ/মো.আ.