ঈশ্বরদীতে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

পাবনার ঈশ্বরদী উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত হয়েছেন। এর আগে ওই ব্যক্তি দোকান মালিক ও তার ২ ছেলের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মানিক হোসেন ওরফে সুমন (৩২) সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা গ্রামের মৃত বয়েন মণ্ডলের ছেলে।
আহত দোকান মালিক হাবিবুল মণ্ডলের অভিযোগ, গভীর রাতে মানিক ওরফে সুমন তার মুদি দোকানে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। দোকানের পাশেই বসতবাড়ি হওয়ায় শব্দ পেয়ে তিনি বাইরে এসে তাকে আটকানোর চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত তার সঙ্গে থাকা একটি ধারালো চায়নিজ কুড়াল দিয়ে হাবিবুলের হাত ও পিঠে এলোপাতাড়ি কোপ দেন।
হাবিবুলের চিৎকার শুনে তার দুই ছেলে এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে তারা আহত হন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেন। একপর্যায়ে তাকে গণপিটুনি দেওয়া হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হাবিবুল মণ্ডল ও তার দুই ছেলেকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
ওসি আসাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/সু.পা