খুবির গ্র্যাজুয়েটদের নিয়ে ‘গ্লোবাল স্কলারস নেটওয়ার্ক’

বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, ফেলোশিপ ও উচ্চশিক্ষার সুযোগ নিয়ে যাওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের সাফল্য উদযাপন, তাঁদের অর্জনের স্বীকৃতি ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি যোগাযোগ গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক দপ্তর (The Office of International Affairs)।
এ উদ্যোগের আওতায় গত দুই বছরে উচ্চশিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশে যাওয়া ৬৭ জন গ্র্যাজুয়েট ইতোমধ্যে নিবন্ধন করেছেন। তাঁদের স্কলারশিপ বা ফেলোশিপ, উচ্চশিক্ষার প্রোগ্রাম, বিশ্ববিদ্যালয় ও গন্তব্য দেশসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে ‘KU Global Scholars Network’ গড়ে তোলা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় রোববার (৬ সেপ্টেম্বর) চলতি মাসে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমাতে যাওয়া ছয়জন গ্র্যাজুয়েটকে নিয়ে ‘Coffee with KU Global Scholars’ অনুষ্ঠানের আয়োজন করে আন্তর্জাতিক বিষয়ক দপ্তর।
আন্তরিক ও অনানুষ্ঠানিক এ আয়োজনে গ্র্যাজুয়েটদের সাফল্য উদযাপন, তাঁদের উচ্চশিক্ষার যাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁদের শুভকামনা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃতী গ্র্যাজুয়েটদের অভিনন্দন ও ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানান খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি আয়োজন ও সমন্বয় করেন আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান।
‘KU Global Scholars Network’-এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটি সক্রিয় ও দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে তাঁদের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সংযোগ ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য কাজে লাগানো সম্ভব হবে।
এ উদ্যোগ বর্তমান শিক্ষার্থীদের আন্তর্জাতিক স্কলারশিপ ও উচ্চশিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি বিদেশি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে নতুন একাডেমিক ও গবেষণা সংযোগ তৈরিতেও ভূমিকা রাখবে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিষয়ক দপ্তর।
বিদেশে অবস্থানরত ‘Global Scholars’-দের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ‘Letter of Appreciation & Congratulations’ পাঠিয়ে তাঁদের অর্জনকে সম্মান ও অভিনন্দন জানানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বিষয়ক দপ্তর জানিয়েছে, ‘KU Global Scholars Network’ আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। গত দুই বছরে আন্তর্জাতিক স্কলারশিপ, ফেলোশিপ বা উচ্চশিক্ষার সুযোগ নিয়ে বিদেশে যাওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের যেসব গ্র্যাজুয়েট এখনো নিবন্ধন করেননি, তাঁদের নেটওয়ার্কে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও পেশাগত অগ্রগতির তথ্য সংগ্রহের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রথম ‘Tracer Study’-এর কার্যক্রমও চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব অ্যালামনাইকে এ গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক গবেষণায় অংশ নিয়ে ভবিষ্যৎ একাডেমিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক বিষয়ক দপ্তর।
KU Global Scholars Network-এ নিবন্ধন:
https://docs.google.com/.../1FAIpQLScczHZ2AgM.../viewform...
KU Tracer Study-তে অংশগ্রহণ:
https://docs.google.com/.../1FAIpQLScEfgffta9.../viewform...
ভোরের আকাশ/সু.পা