বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে জেল-জরিমানা

জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে মো. দলা মিয়া (২৮) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের পাখিমারা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। দণ্ডিত দলা মিয়া পৌর শহরের পাখিমারা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাখিমারা এলাকায় এক যুবক মাদক সেবন করছেন—এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় মো. দলা মিয়াকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পাখিমারা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় দলা মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/সু.পা