গাইবান্ধায় শিশুকে হত্যাচেষ্টার অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিজ শিশুসন্তানকে হত্যার উদ্দেশ্যে বাড়ির আঙিনায় গর্ত খোঁড়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে।
পরিবারের সদস্য ও স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় শিশুটি প্রাণে রক্ষা পেলেও ঘটনার পর থেকেই অভিযুক্ত বাবা পলাতক রয়েছেন। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি উপজেলার হামিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মনির সরকার মুন্নার বিরুদ্ধে অভিযোগ, তিনি শ্বশুরের কাছে এক হাজার টাকা দাবি করেছিলেন। সময়মতো টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে নিজের একমাত্র শিশুপুত্রকে হত্যার পরিকল্পনা করেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, পরিকল্পনার অংশ হিসেবে বাড়ির আঙিনায় একটি গর্ত খুঁড়ে সেখানে শিশুটিকে পুঁতে ফেলার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় শিশুর কান্না এবং পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন। পরে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ভুক্তভোগী শিশুর মা ফাতেমা আক্তার অভিযোগ করে বলেন, সামান্য অর্থের বিরোধকে কেন্দ্র করে তার স্বামী এমন ভয়াবহ ঘটনার চেষ্টা করেন। তিনি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয়দের ভাষ্য, ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযুক্ত বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে তারা জানান।
ঘটনার খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ জানায়, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/রই