ডিমলায় বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক দুই

নীলফামারীর ডিমলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন, চারটি সিমকার্ডসহ বিভিন্ন সামগ্রী জব্দ করে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার খবিরের ময়দান এলাকায় এ অভিযান চালায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন থানারহাট বিওপির একটি টহলদল।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত পিলার ৭৯০ থেকে প্রায় এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে খবিরের ময়দান এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর সন্দেহভাজন দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে সেখানে এলে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন। তবে তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন।
পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন, চারটি মোবাইল সিম, একটি পুরোনো স্কুলব্যাগ ও একটি কাঁচিও জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য এক লাখ ১৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটকরা হলেন—ডিমলা উপজেলার মধ্য ছাতনাই গ্রামের মৃত ফরিউজ্জামানের ছেলে মো. সুমন আলী (৩৯) এবং উত্তর সুন্দরখাতা গ্রামের লব আলীর ছেলে মো. শাহিন আলম (২৯)।
বিজিবি জানায়, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদের ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।
ভোরের আকাশ/আ.র