চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালক নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. লিটন মিয়া নামে এক সিএনজি অটোরিকশাচালক নিহত হয়েছেন।
এ ঘটনায় অটোরিকশায় থাকা দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত লিটন মিয়া উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ মিয়ার ছেলে। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরঞ্জন কুমার।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মিয়াবাজার থেকে দুই যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশা চালিয়ে চৌদ্দগ্রামের দিকে যাচ্ছিলেন লিটন মিয়া। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান (চট্টমেট্রো-উ-১১-১৩৭১) পেছন থেকে সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক লিটন মিয়া নিহত হন এবং অজ্ঞাতপরিচয় দুই যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাশেম বলেন, সিএনজি অটোরিকশাচালককে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে।
আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় পাঠানো হয়েছে। মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত চালকের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
ভোরের আকাশ/রই