সালথায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান

ফরিদপুরের সালথায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
এ লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফিফা সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল ফজল মুরাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ ও উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ।
এ ছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ইউনিয়ন পরিষদের সচিবরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও দবির উদ্দিন বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্ব দেন।
ভোরের আকাশ/সু.পা