সারিয়াকান্দিতে সিলগালা কোচিং সেন্টার খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের অশোভন অঙ্গভঙ্গির একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বগুড়ার সারিয়াকান্দিতে সিলগালা করা একটি কোচিং সেন্টার খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে কোচিং সেন্টারটি পুনরায় চালুর দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। তবে চলমান তদন্ত শেষ করে প্রতিবেদন পাওয়ার পরই প্রতিষ্ঠানটি চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
এর আগে, উপজেলার ফুলবাড়ী বাজারে অবস্থিত ‘দা নিউ কনটেস্ট মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কোচিং সেন্টার’-এর একটি শ্রেণিকক্ষে শিক্ষকসহ শিক্ষার্থীদের অশোভন অঙ্গভঙ্গির একটি ভিডিও গত ১৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম কোচিং সেন্টারটি সিলগালা করে দেন।
এরপর মঙ্গলবার প্রতিষ্ঠানটি খুলে দেওয়ার দাবিতে মানববন্ধনের আয়োজন করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। কোচিং সেন্টারের পরিচালক নয়ন কুমার রায়ের ছোট ভাই শয়ন কুমার রায়ের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজকদের দাবি, কোচিং সেন্টারটি বন্ধ থাকায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন প্রতিষ্ঠানটি বন্ধ থাকলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও তারা জানান।
অন্যদিকে, স্থানীয় সচেতন মহলের কয়েকজন মনে করছেন, শিক্ষার্থীদের পড়াশোনা চালু রাখার বিষয়টি বিবেচনায় নেওয়ার পাশাপাশি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনার প্রকৃত কারণও স্পষ্ট হওয়া প্রয়োজন। শ্রেণিকক্ষে ভিডিওটি কীভাবে ধারণ করা হয়েছিল, ঘটনার প্রেক্ষাপট কী ছিল এবং কোচিং সেন্টারের তদারকিতে কোনো ঘাটতি ছিল কি না—এসব বিষয় তদন্তের মাধ্যমে নির্ধারণ করা জরুরি বলে তারা মনে করেন।
তাদের মতে, তদন্ত শেষ হওয়ার আগে প্রতিষ্ঠানটির সিলগালা খুলে দেওয়া হলে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে পর্যালোচনার সুযোগ সীমিত হতে পারে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, ‘মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে তদন্ত চলমান রয়েছে। মাঠপর্যায়ের তদন্ত শেষে তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদন অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ভোরের আকাশ/সু.পা