সেবা ও সুরক্ষার বার্তা নিয়ে নীলফামারীতে শুরু হলো ফায়ার সার্ভিস সপ্তাহ

নীলফামারীতে ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬। বুধবার (২০ মে) সকালে নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। আগামী ২২ মে পর্যন্ত সপ্তাহব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই কর্মসূচি জেলাজুড়ে উদযাপিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মামুন উর রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ। স্টেশনের সাব অফিসার মকবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ফায়ার ফাইটার সৈকত জাহান সাফিনসহ স্থানীয় কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। উদ্বোধনের পর জেলা প্রশাসক ফায়ার সার্ভিসের ব্যবহৃত বিভিন্ন আধুনিক উদ্ধার সরঞ্জামাদি পরিদর্শন করেন এবং গ্যাস সিলিন্ডারের আগুন নিভানোর বাস্তবমুখী মহড়া পর্যবেক্ষণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদের অকৃত্রিম বন্ধু। শুধু অগ্নিকাণ্ডই নয়, যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগে তারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ান। তিনি আরও বলেন, দুর্ঘটনা এড়াতে ও ক্ষয়ক্ষতি কমাতে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে এবং যেকোনো জরুরি মুহূর্তে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিয়ে সহায়তা করতে হবে।
সিনিয়র স্টেশন অফিসার মো. মামুন উর রশীদ জানান, সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলাজুড়ে গণসংযোগ, লিফলেট বিতরণ, ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রমের প্রদর্শনী এবং একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে জনসাধারণের মাঝে অগ্নি-নিরাপত্তা ও সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
ভোরের আকাশ/ এনউব