চাঁদপুরের ব্যবসায়ীকে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

চাঁদপুরের মতলব দক্ষিণে ব্যবসায়ী অমর ভক্ত ওরফে অমর সরকার হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে প্রধান আসামি হৃদয় সূত্রধরকে মৃত্যুদণ্ড এবং অপর আসামি জয় বিশ্বাস অনিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে উভয় আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামাল হোসাইন এই রায় দেন।
রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হৃদয় সূত্রধর আদালতে উপস্থিত ছিলেন। তবে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি জয় বিশ্বাস অনিক পলাতক রয়েছেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, নিহত অমর সরকার চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সারপাড় এলাকার বাসিন্দা ছিলেন। তিনি নারায়ণপুর বাজারে জুয়েলারি ব্যবসার পাশাপাশি বিকাশ ও নগদের ব্যবসা করতেন। প্রতিদিন ব্যবসা শেষে দোকানের স্বর্ণালংকার ও নগদ টাকা সঙ্গে নিয়ে তিনি বাড়ি ফিরতেন।
২০২২ সালের ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা বাড়ির কাছাকাছি একটি স্থান থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের বাবা রবি ভক্ত বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ব্যবসাপ্রতিষ্ঠানে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অমর সরকারকে হত্যা করা হয়। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের মোট ২১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সালমা সন্তোষ প্রকাশ করে জানান, সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। অন্যদিকে আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী এসডিএলআর শফিকুল ইসলাম ভূঁইয়া ও জহিরুল ইসলাম।
আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হৃদয় সূত্রধরের দণ্ড উচ্চ আদালতের অনুমোদন সাপেক্ষে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পলাতক আসামি জয় বিশ্বাস অনিকের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
ভোরের আকাশ/এনউব