গুরুদাসপুরে শাকিল হত্যায় সন্দেহভাজন ৭ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদলের সদস্য সচিব শাকিল হত্যা মামলায় সন্দেহভাজন ৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। সম্প্রতি দেশের স্থল ও বিমানবন্দর কর্তৃপক্ষকে ওই চিঠি দিয়েছে মামলাটির তদন্তকারী সংস্থা নাটোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত পালসার ১৫০ সিসি মডেলের নীল রঙের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
এই মামলায় নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে দ্বিতীয় দফায় আবারো দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে আছেন। মামলায় কারাগারে আছেন আরো দুই আসামি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নাটোর জেলা গোয়েন্দা পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, মামলার তদন্তে ব্যপক অগ্রগতি হয়েছে। অপরাধীরা যে মোটরসাইকেলে এসে হামলা চালিয়ে পালিয়ে গেছেন সেই মোটরসাইকেলটি ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। উপজেলার নয়াবাজার এলাকা থেকে ইরফান নেওয়াজ নামের এক ব্যক্তির শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তদন্তের স¦ার্থে ও আসামীদের ধরতে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।
সূত্রমতে, ২৭ অক্টোবর রাত দশটার দিকে এমপির ছেলে নুরুজ্জামান মিন্টুকে হত্যাকাণ্ডে জরিত সন্দেহে আটক করে পরদিন গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। প্রথম দফায় আদালত তিন দিনের রিমান্ড দেন। মিন্টু রিমান্ডে থাকাকালীন তার দেওয়া তথ্যের ভিত্তিতে আল আমিন ও আনিসুর রহমান নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। উদ্ধার করা হয় মোটরসাইকেলটিও। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে সাত জনের পাসপোর্টের কার্যক্রম প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। সন্দেহভাজনরা যাতে দেশত্যাগ করতে না পারেন, সেজন্য দেশের সব স্থল ও বিমানবন্দরে নিষেধাজ্ঞা ছেড়ে চিঠি পাঠিয়েছে ডিবি। ওই সব ব্যক্তিরা অবৈধ পথেও দেশত্যাগের জন্য চেষ্টা চালাচ্ছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ টিম কাজ করছে।
বিশেষ একটি সূত্রে আরো জানাযায়, প্রথম দফায় রিমান্ড শেষে শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় আসামি মিন্টুকে আদালতে হাজির করা হলে বিচারক রিমান্ড শুনানি না করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তিনি শুক্রবার থেকে সোমবার সকাল পর্যন্ত কারাগারে ছিলেন। কিন্তু কারাগারে থাকাকালীন সময়ে 'কারা আইন' ভঙ্গ করে মোবাইল ফোনে কথা বলা, বাহিরে থেকে পাঠানো খাবার গ্রহণ, অনুসারীদের দিকনির্দেশনা দেওয়ার মতো নানা সুবিধা পেয়েছেন আসামী মিন্টু। তবে এসব বিষয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে ' মিন্টু হাসান গুরুদাসপুর' নামের তার একটি ফেসবুক আইডি এখনো সক্রিয় রয়েছে। বর্তমানে মিন্টুর ওই আইডি তার স্ত্রী চালাচ্ছেন বলে জানিয়েছে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত আসামি মিন্টুকে অধীকতর জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
উল্লেখ্য- গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা সশস্ত্র দুর্বৃত্তদের হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম (৩২)। ওই ঘটনায় ১৯ অক্টোবর থানায় মামলা দায়ের করেন শাকিলের বাবা রবিউল ইসলাম। হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান। মঙ্গলবার শাকিলের জানাজা শেষে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহ আমেরিকা প্রবাসী রাসেলের শপিংমলে ভাংচুর ও লুটপাট করা হয়।
এসব ঘটনায় জনরোষে পড়েন এমপি আব্দুল আজিজ। বুধবার সকাল থেকে এমপি আব্দুল আজিজের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই ভিডিওতে তাকে অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা গেছে। ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করে। এতে এমপি আজিজ সামাজিক এবং রাজনৈতিকভাবে কোনঠাসা হয়ে পড়েন।
এদিকে বৃহস্পতিবার বিকেলে নিহত শাকিলের গুরুদাসপুর পৌরসভার খোয়ারপাড়া খামারনাচকৈড়ের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব। অপরাধী যেই হোক সঠিক বিচার নিশ্চিতের আশ্বাস দেন তারা।
ভোরের আকাশ/ এনউব