হিলি স্থলবন্দর দিয়ে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শারদীয় দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে টানা ৮ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
শুক্রবার (১৬ অক্টোবর) থেকে শুরু হওয়া এই ছুটি চলবে ২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার পর্যন্ত। আগামী শনিবার (২৪ অক্টোবর) থেকে পুনরায় বন্দরে স্বাভাবিক বাণিজ্য শুরু হওয়ার কথা রয়েছে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল জানান, ভারতীয় হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন এক চিঠির মাধ্যমে দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পণ্য খালাস ও বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানায়। এর সাথে দুই সপ্তাহের শুক্রবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ছুটির মেয়াদ ৮ দিন হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, সরকারি ছুটি ছাড়া বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম চালু থাকবে। এ সময় আমদানিকারকেরা চাইলে তাদের আমদানি করা পণ্য খালাস নিতে পারবেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া জানান, পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। প্রতিদিনের মতো সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দুই দেশের মধ্যে যাত্রী পারাপার চলবে।
ভোরের আকাশ/আ.র