পাহাড় কাটায় বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২

কক্সবাজারের উখিয়ায় সরকারি বনভূমির পাহাড় কাটায় বাধা দেওয়াকে কেন্দ্র করে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও বন বিভাগের কর্মচারী (বন মুন্সি) ইসমাইল আহত হয়েছেন। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর উখিয়া বন রেঞ্জের থাইংখালী বনবিটের গজোঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গজোঘোনা এলাকায় সরকারি বনভূমির পাহাড় কেটে ডাম্পারযোগে মাটি পাচার করা হচ্ছে—এমন খবর পেয়ে থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদের নেতৃত্বে একদল বনকর্মী ঘটনাস্থলে যান। এ সময় তারা পাহাড় কাটায় বাধা দেন।
অভিযোগ রয়েছে, এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয়ভাবে মাদক কারবারি ও ভূমিদস্যু হিসেবে পরিচিত জসিম উদ্দিনের নেতৃত্বে একদল লোক বন কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো দা, কিরিচ ও আগ্নেয়াস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও বন মুন্সি ইসমাইল গুরুতর আহত হন।
পরে আহতদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা আহতদের অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা গেছে।
উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ভোরের আকাশ/সু.পা