সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জের সিংগাইরে জমি ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সংঘটিত আলোচিত ট্রিপল মার্ডার মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, সাত আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চার আসামিকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. জিয়ার উদ্দিন, মো. জাহিদুল ইসলাম, আ. রশিদ, জসিম ও সিদ্দিক মিয়া। তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. জহির উদ্দিন, আজিজুল, উজ্জ্বল, মো. সামছুল হক, সালাউদ্দিন, মাজেদ মিয়া, মো. মরণ ও স্বপন। তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া শামীম ও হাবু মিয়াকে পাঁচ বছর করে, মজনু মিয়াকে এক বছর, রাজিয়া খাতুন ও সুফিয়া খাতুনকে ছয় মাস করে এবং সাহেরা ও খাতুনীকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় উজ্জ্বল, অলি আহাদ, শুকুর জোলা ও রাজা জোলাকে খালাস দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি সিংগাইর উপজেলার গোবিন্দল উত্তরপাড়া এলাকায় জমি ও ব্যাংকে জমা টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। বিদেশে থাকা হাসিনা নামের এক নারীর রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বিরোধের একপর্যায়ে ঘটনার দিন টেন্ডুল মোল্লা, করিম মোল্লা ও আজিজ মোল্লাকে বিরোধ নিষ্পত্তির কথা বলে সামছুল হকের বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে তাঁদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন।
এ ঘটনায় নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা আক্তার বাদী হয়ে সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৪ জন আসামির বিরুদ্ধে দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার বলেন, মামলায় রাষ্ট্রপক্ষ ২১ জন সাক্ষী উপস্থাপন করেছে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিদের বিরুদ্ধে এ রায় দিয়েছেন।
ভোরের আকাশ/সু.পা