উলিপুরে জুয়ার আসর থেকে আটক ৪ জন, নগদ টাকা ও সরঞ্জাম উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ১৪ হাজার ৬৯৫ টাকা উদ্ধার করা হয়।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের কুড়ারপাড় গ্রামের আমজাদ হোসেনের ছেলে এনামুল হক (৪০), পারুলের পাড় গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে দুলু মিয়া (৪০), মৃত টুপ শেখের ছেলে দেলোয়ার হোসেন (৪৫) এবং ইসলামপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে কাইয়ুম আলী (৩৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে পান্ডুল বাজার এলাকায় উলিপুর থানা পুলিশের মোবাইল-১ ডিউটিকালে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ওই চারজনকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় উলিপুর থানায় মামলা করা হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, পুলিশের নিয়মিত মোবাইল ডিউটিকালে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ চারজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/ এনউব