কক্সবাজারে হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার ঢাকা হোটেলের একটি কক্ষ থেকে আতাউল কবির নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) হোটেলের ৪র্থ তলার ৪০১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আতাউল কবির পিরোজপুর জেলার নেছারাবাদ এলাকার বাসিন্দা। তিনি পুলিশে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
হোটেল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট সকাল ১১টার দিকে আতাউল কবির ঢাকা হোটেলের ৪০১ নম্বর কক্ষে চেক-ইন করেন। হোটেলে অবস্থানের সময় তিনি ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজারে এসেছেন বলে উল্লেখ করেছিলেন।
পরে শুক্রবার তার কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ভোরের আকাশ/এনউব