শৈলকুপায় বিকেএসপির ক্যাম্পাসের জন্য দুটি স্থান পরিদর্শন

ঝিনাইদহে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর আঞ্চলিক ক্যাম্পাস স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে বিকেএসপি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রতিনিধি দল।
সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে প্রতিনিধি দলটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর এবং দুধসর-চাঁদপুর আবাসন এলাকার সম্ভাব্য স্থান পরিদর্শন করে।
পরিদর্শন দলের নেতৃত্ব দেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল গোলাম মাবুদ হাসান (পিএসসি)। এ সময় শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ এবং আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সোহেল খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ বলেন, ঝিনাইদহে বিকেএসপির আঞ্চলিক ক্যাম্পাস প্রতিষ্ঠিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রতিভাবান ক্রীড়াবিদরা প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সুযোগ পাবেন। এতে এ অঞ্চলের ক্রীড়াঙ্গনের আরও বিকাশ ঘটবে এবং দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।
বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল গোলাম মাবুদ হাসান বলেন, প্রাথমিক পরিদর্শনে দুটি স্থানই সম্ভাবনাময় বলে মনে হয়েছে। পরিদর্শনের ভিত্তিতে একটি প্রতিবেদন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। প্রতিবেদন পর্যালোচনার পর মন্ত্রণালয় ও বিকেএসপি যৌথভাবে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।
তিনি আরও বলেন, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুতই বিকেএসপির আঞ্চলিক ক্যাম্পাস নির্মাণকাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে।
ভোরের আকাশ/জেআ