আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদ

আওয়ামী লীগের রাজনীতি, অতীতের সহিংসতা, গুম-খুনের অভিযোগ ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেছেন, আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে। ২০২৬ সালে এসে দলটির অতীত কর্মকাণ্ডের বিভিন্ন প্রমাণ সামনে এসেছে, যা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা যুবদলের উদ্যোগে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে জয়বাংলা মোড়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপ ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
শামা ওবায়েদ বলেন, লগি-বৈঠার রাজনীতি, পেট্রোল বোমার রাজনীতি ও সহিংসতার সংস্কৃতি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে। শেখ হাসিনা বার্ন ইউনিট প্রতিষ্ঠা করেছিলেন, অথচ নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডে মানুষকে আহত করে সেই বার্ন ইউনিটে পাঠানো হতো। পরে আবার ক্যামেরা নিয়ে সেসব ঘটনা ধারণ করতে যেতেন তারা।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন আর কারও কথায় নাচবে না। একসময় নির্যাতিত মানুষের মুখে স্লোগান ছিল, ‘হাসিনারে, হাসিনা তোর কথায় নাচি না।’ সে সময় মানুষকে ভয় দেখিয়ে দমনের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত জনগণ নিজেদের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়েছে।
আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশে বসে আপনারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে শিশু হত্যার নির্দেশ, গুম ও খুনসহ নানা অপরাধের অভিযোগ আপনাদের বিরুদ্ধে রয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেক নেতা, ছাত্র ও যুবককে গুম-খুন করে তাদের পরিবারকে অসহায় করে দিয়েছেন। অথচ এখন নিজেরাই দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, জুলাই-আগস্টে মানুষের এক দফা দাবি ছিল ফ্যাসিবাদের পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠা। কেউ তাকে দেশ ছেড়ে পালানোর দাবি জানায়নি। তিনি নিজেই দেশ ছেড়ে চলে গেছেন।
শামা ওবায়েদ আরও বলেন, বর্তমানে দেশের অর্থনীতি, ব্যাংকিং খাত, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আসছে। তারেক রহমানের উদ্যোগে ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড ও প্রবাসী কার্ড চালুর পাশাপাশি মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগও আবার বাড়ছে। এসব অগ্রগতি আওয়ামী লীগের ভালো লাগছে না বলেও মন্তব্য করেন তিনি।
দেশের পোশাকশিল্পের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্টস খাত অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতে লাখো নারী শ্রমিক কাজ করে পরিবার চালান এবং সন্তানদের লেখাপড়ার খরচ বহন করেন। অথচ এই শিল্পকে অস্থিতিশীল ও ধ্বংস করার চেষ্টা চলছে। আন্তর্জাতিক মহল, উন্নয়ন সহযোগী ও দেশের মানুষ এসব পরিস্থিতি বুঝতে পারছে। সরকার শ্রমিকদের পাশে রয়েছে এবং তাদের দাবি-দাওয়া পূরণে অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও বলেন, পোশাকশিল্পে অশান্তি সৃষ্টি ও দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা প্রমাণ করে, তারা শুধু রাজনৈতিকভাবে পরাজিত নয়, দেশের অর্থনীতি ও জনগণের স্বার্থেরও বিরোধী।
সমাবেশে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে যাচ্ছে। জনগণ আর অতীতের মতো কোনো রাজনৈতিক শক্তির কথায় পরিচালিত হবে না।
নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিববুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরিফ, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, জেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সদস্যসচিব এনায়েত হোসেন প্রমুখ।
ভোরের আকাশ/জেআ