চোরাই কাভার্ডভ্যান উদ্ধার, মাদকসহ চালক-হেলপার আটক

গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে চুরি করে নিয়ে যাওয়ার সময় পাবনা বাসস্ট্যান্ড এলাকা থেকে চোরাই কাভার্ডভ্যান উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। একই সঙ্গে কাভার্ডভ্যান চুরির অভিযোগে মাদকসহ দুজনকে আটক করেছে হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের সদস্যরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- যশোরের কোতোয়ালী থানার কিসমত নোয়াপাড়া এলাকার আবুল বাশার বাদশার পুত্র (চালক) আসাদুজ্জামান শাহেদ (৩০) ও একই জেলার ঝিকরগাছা উপজেলার আঙ্গারপাড়া এলাকার হযরত আলীর ছেলে হৃদয় হোসেন (২২)।
হাইওয়ে পুলিশ বগুড়া রিজওয়নের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. শহিদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, শুক্রবার হাটিকুমরুল হাইওয়ে থানা ৯৯৯ থেকে সংবাদপ্রাপ্ত হন কালিয়াকৈর থেকে একটি কাভার্ডভ্যান (যাহার রেজি. নং ঢাকা মেট্রো-ট-১১-৬১৮০) চুরি করে নিয়ে যাচ্ছে। এই সংবাদের প্রেক্ষিতে হাই ও পুলিশের সার্জেন্ট মো. বাদশা আলম ফোর্সসহ ঢাকা-পাবনা মহাসড়কের পাবনা বাসষ্ট্যান্ড মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহন চেক করতে থাকেন। একপর্যায়ে রাত সাড়ে সাতটার দিকে কাভার্ডভ্যানটি বেরিক্যাড দিয়ে আটক করা হয়। এসময় আটককৃতদের শরীর তল্লাশী করে ৭৫ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
ভোরের আকাশ/মো.আ.