ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্টে ভাইস চেয়ারম্যান শাহীন, সেক্রেটারি মিজান

দীর্ঘ প্রায় ১৫ বছর পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মো. আসাদুজ্জামান শাহীন ও সেক্রেটারি পদে মোহাম্মদ মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। ভোটারদের উপস্থিতি বেশি থাকায় নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বাড়িয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর ভোট গণনা শুরু হলে তা রাত ২টা পর্যন্ত অব্যাহত থাকে। রাত ২টার পর নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারি পদে বিজয়ীদের নাম ঘোষণা করেন। তবে কার্যকরী কমিটির পাঁচটি সদস্য পদে ভোট গণনা তখনও চলছিল।
নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল অনুযায়ী, ভাইস চেয়ারম্যান পদে মো. আসাদুজ্জামান শাহীন ১ হাজার ৯৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এ বি এম মোমিনুল হক পেয়েছেন ১ হাজার ৬৬৪ ভোট। অপর প্রার্থী ডা. ফরিদ উদ্দিন আহমেদ পেয়েছেন ৪৭৪ ভোট।
সেক্রেটারি পদে মোহাম্মদ মিজানুর রহমান ২ হাজার ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে মাহবুবুর রহমান ৭৭৩, লুৎফুল হাই ভূইয়া ৪২৮, কামরুল ইসলাম ৩৪৯ ও অ্যাডভোকেট শাহ ওয়াসিম পারভেজ ২৭৮ ভোট পেয়েছেন। এ ছাড়া কার্যকরী সদস্য পদে পাঁচজন নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন—রুমেল উদ্দিন আহমেদ, সাইদ হাসান সানি, আশিকুল ইসলাম সুমন, তানভীর রুবেল ও মহিবুল ইসলাম ডিকন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও পাঁচটি সদস্য পদে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে তিনজন, সেক্রেটারি পদে পাঁচজন ও পাঁচটি সদস্য পদে ৩৭ জন প্রার্থী ছিলেন।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১০ হাজার ৬৪৫ জন। এর মধ্যে আজীবন সদস্য ৯ হাজার ৪৬৬ জন ও বার্ষিক সদস্য ১ হাজার ১৭৯ জন। মোট ৪ হাজার ১৬২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম। নির্বাচন কমিশনার ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোশররফ হোসেন ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী।
ভোরের আকাশ/সু.পা