ধামইরহাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান

নওগাঁর ধামইরহাটে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ তুলে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন এক গর্ভবতী তরুণী।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অবস্থান নেওয়া তরুণীর অভিযোগ, মঙ্গলিয়া গ্রামের কাজী সিরাজুল ইসলামের ছেলে মুহিদ হাসান (২৪) বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এতে তিনি গর্ভবতী হয়েছেন বলে দাবি করেন ওই তরুণী।
তরুণী জানান, গর্ভবতী হওয়ার বিষয়টি জানার পর মুহিদ হাসান তাকে বিয়ে না করে বাড়ি থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। পরে তিনি মুহিদের পিছু নিয়ে তার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন।
খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় স্থানীয় সাংবাদিকরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
তরুণী বলেন, মুহিদ আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক করেছে। এখন আমি তার সঙ্গে বিয়ে চাই।
এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত মুহিদ হাসান আত্মগোপনে থাকায় তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন, বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/ইউএম