ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুই গোষ্ঠীর দ্বন্দ্বের পর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেটাবিদ্ধ হয়ে মারা গেছেন ৭০ বছরের এক বৃদ্ধ। আহত হয়েছেন অন্তত ২০ জন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর দু'জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এসময় কিছু বাড়িতে ভাঙচুর করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে জেলার সরাইল উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম আরফোজ আলী (৭০); তিনি দেওড়া গ্রামের চারুহাটি এলাকার ফুল মিয়ার ছেলে। নিহতের খবরটি নিশ্চিত করেছেন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক ডা. সালোয়াত পারভীন।
স্থানীয়রা জানায়, মাগুরহাটি গ্রামের একটি জায়গা নিয়ে স্থানীয় ধন মিয়া গোষ্ঠী ও কালু মিয়া গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে বিকেলে উভয় পক্ষের লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় আরফোজ আলী টেঁটাবিদ্ধ হয়ে মারা যায়। উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত দুই জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
ভোরের আকাশ/এসএইচ