হারুনুর রশিদের শেষ বিদায়ে জনতার ঢল: শোকাহত সর্বস্তরের মানুষ

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হারুনুর রশিদকে শেষ বিদায় জানাতে রায়পুরে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ। তাঁর জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে শোকের আবহ তৈরি হয় পুরো এলাকায়।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি মাঠে তাঁর দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
জানাজার নামাজে ইমামতি করেন আওলাদে রাসুল তাহের ইজ্জদ্দিন আল জাবেরী। জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, অ্যাডভোকেট আব্দুল মান্নান মুন্সী, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান মুন্সী, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এ বি এম জিলানী, সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ এবং চরপাতা মজিবুল হক একাডেমির প্রধান শিক্ষক মজনুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
হারুনুর রশিদ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এর আগে রাজধানী ঢাকায় তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। রায়পুরে দ্বিতীয় জানাজা শেষে নিজ বাড়ির সামনের মসজিদে তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
উল্লেখ্য, ১৯৯৬ সালে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন হারুনুর রশিদ। রাজনীতির পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনেও ছিল তাঁর পরিচিতি ও অবদান।
তিনি আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে রায়পুরের রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ভোরের আকাশ/সু.পা